ভালোবাসার বারান্দা pdf link - নবনীতা দেবসেন Bhalobasar Baranda pdf by Nabaneeta Dev Sen
প্রিয় পাঠক,
ভূমিকা
২০০৬-এর ডিসেম্বরের শেষ হিম-শীতের মধ্যে ঋতুপর্ণের হাত ধরে হাজির হয়েছিলুম ভালো বাসার বারান্দার রোদ্দুরে। ঋতুপর্ণ চলে গেছেন। কিন্তু রেখে গেছেন তাঁর ভালোবাসার ওম। তাই আজও নিবিষ্টমনে তাঁর পরিকল্পিত কলমটি লিখে চলেছি। শ্রদ্ধায় ও ভালোবাসায়।
প্রথম খণ্ডে গিয়েছে শুরু থেকে ২০০৮-এর ৮ মার্চ পর্যন্ত। আর দ্বিতীয় খণ্ডে যাচ্ছে ১৬ মার্চ ২০০৮ থেকে শুরু করে ২০০৯-এর ২৮ জুন অবধি ভালো-বাসার আড্ডা। এই বিলম্বিত লয়ের জন্য দায় কিন্তু আমার নয়। প্রকাশকের। আমি তো খেটেখুটে মহানন্দে ফি-হপ্তায় লিখে চলেছি রোববার-এর গপ্পোসপ্পো। জানিয়ে রাখি, ২০০৯ জুলাই থেকে অদ্যাবধি আড্ডার রসদ সবই সযত্নে বৈয়ামে ভরা আছে কল্যাণীয় অপুবাবুর ভাঁড়ার ঘরে। আশা করছি এবার একে একে উঁকি দেবে।
অবাক লাগছে পুরোনো লেখায় চোখবুলোতে বসে। আমাদের দুঃখ-কষ্ট-লজ্জা- অপমান সফলতা-বিফলতার কোনোই উপশম হয়নি। শুধু মুছে গিয়েছে কিছু প্রিয় মুখ। কিন্তু মুছে যায়নি আমাদের গভীর শান্তি কল্যাণের তৃষ্ণা।
প্রিয় পাঠক, আপনার শুভায়ু কামনা করি। আমার এই ভালোবাসার বারান্দায় আপনি স্বাগত।
১৩ জানুয়ারি, ২০১৫ ভালো-বাসা
আমাদের গণমাধ্যম খুব আধুনিক, শহরের মলগুলির মতো ঝকঝকে। বৈদ্যুতিন মিডিয়াতে সংবাদ চ্যানেলের অসুবিধে এই যে চব্বিশ ঘণ্টার মস্ত হাঁ ভর্তি করার মতো মালমশলা পায় না তারা। অতএব যা পায় তাই নিয়ে বড্ড বেশি ঘাঁটাঘাঁটি করতে হয়। আর পত্রপত্রিকাগুলির হাবভাব যা দেখছি, অকস্মাৎ বৃদ্ধ বয়সের কামাচরণের মতো যৌনতার প্রতি তাদের একান্ত (বাণিজ্যিক) আনুগত্য দেখা দিয়েছে। নারীদেহের চিত্র বাদ দিয়ে কোনো সংবাদই আর পরিবেশনযোগ্য নয়। শিশু পুড়ে মারা গেলে ছবি বের হয় যুবতী মায়ের কান্নার। চলচ্চিত্র, সাজসজ্জা, আর প্রসাধনীর বিজ্ঞাপনের অতল জলের আহ্বান তো আছেই। শরীর, শরীর, তোমার কি মন নাই, মিডিয়া?
রেপের ব্যাপারাটাতেও আমরা অর্থাৎ গণমাধ্যম পিছিয়ে নেই। নানানখানা করে আমরা রেপ নিয়ে কাগজে মাতামাতি করি। আগে আগে কথাটা ছিল 'পাশবিক অত্যাচার'। আর ওই শব্দটি ছিল একঘরে। কাগজের প্রথম, দ্বিতীয় পাতায় কোনও সাধারণ খবরের পাশে স্থান পেত না। থাকত ভিতরের পাতায় 'আইন আদালত' নামের একটি মুখচোরা কলমের কোণে। লোকচক্ষুর অন্তরালে গিয়ে ওই কলমটি লুকিয়ে পড়া নিয়ম ছিল আমাদের। আর এখন তো এই 'ধর্ষণ' শব্দের রমরমা! কাগজ খুললেই প্রথম পাতায় দু-চারটে নির্মম ধর্ষণের খবর এদিক-ওদিক জ্বলজ্বল করবে। চাইলে ছবিও পেয়ে যেতে পারেন। কপাল ভালো হলে!
Tags
Nabaneeta Dev Sen
